
দীপঙ্কর দোলাই, খড়্গপুর | আমার কলকাতা
গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক। গবেষণামূলক কাজ, উদ্ভাবন ও আবিষ্কারের ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাফল্যে গর্বিত শিক্ষামহল।
চলতি বছরের তালিকায় রয়েছেন গণিত বিভাগের মধুমঙ্গল পাল ও শঙ্করকুমার রায়, প্রাণিবিদ্যা বিভাগের প্রবীণ অধ্যাপক সুশান্তকুমার চক্রবর্তী এবং কম্পিউটার সায়েন্স বিভাগের বিশ্বপতি জানা। তাঁদের মধ্যে মধুমঙ্গল পাল ও শঙ্করকুমার রায় টানা সাত বছর ধরে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
বিশ্বের প্রথম ১০০০ বিজ্ঞানীর তালিকাতেও অধ্যাপকেরা
শুধু বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নয়, স্কলারলি ইনডেক্সের নিরিখে বিশ্বের প্রথম ১০০০ বিজ্ঞানীর তালিকাতেও স্থান পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও গবেষক। এই তালিকায় রয়েছেন গণিত বিভাগের মধুমঙ্গল পাল, শঙ্করকুমার রায় ও গণেশ ঘোড়াই, পদার্থবিদ্যা বিভাগের সত্যজিৎ সাহা, রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগের যতিশংকর বন্দ্যোপাধ্যায়, মাইক্রোবায়োলজি বিভাগের কেশবচন্দ্র মণ্ডল, কম্পিউটার সায়েন্স বিভাগের বিশ্বপতি জানা এবং বায়োমেডিক্যাল বিভাগের সন্দীপ চট্টোপাধ্যায়-সহ অনেকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গবেষণার নিরিখে গণিত বিভাগের তিন বরিষ্ঠ অধ্যাপক মধুমঙ্গল পাল, শঙ্করকুমার রায় ও গণেশ ঘোড়াই সংশ্লিষ্ট ক্রমতালিকায় যথাক্রমে চতুর্থ, সপ্তম ও ত্রয়োদশ স্থানে রয়েছেন।
গবেষণায় বিশেষ অবদান
ব্লাড প্রোটিনের সঙ্গে ন্যানো কণার সংযোগ ঘটিয়ে সরাসরি রক্তে ওষুধ প্রয়োগ এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে টানা চার বছরের গবেষণার স্বীকৃতি পেয়েছেন সত্যজিৎ সাহা। অন্যদিকে, ক্যানসার-প্রতিরোধী কার্যকলাপ নিয়ে গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছেন কেশবচন্দ্র মণ্ডল।
আবহাওয়ার পরিবর্তন, ভৌমজল, বন্যা ও ভূমিধসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিনের গবেষণার জন্য স্বীকৃতি মিলেছে যতিশংকর বন্দ্যোপাধ্যায়ের।
বিশ্ববিদ্যালয়ের সাফল্যে গর্বিত উপাচার্য
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর বলেন, এই সাফল্য অত্যন্ত গর্বের ও আনন্দের। জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে ক্রমশ নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে।
গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে সুনাম আরও বাড়াবে বলে মনে করছে শিক্ষামহল।