
সুজন চক্রবর্তী, আমার কলকাতা : স্ত্রী হত্যার মামলায় অভিযুক্ত রামানুজ গোস্বামীর মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অসমের গুয়াহাটিতে। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় নরকাসুর পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী হত্যার মামলায় গ্রেফতারের পর রামানুজ হাতিগাঁও থানার পুলিশের হেফাজতে ছিলেন। তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের মেয়াদ সোমবার, ১৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোররাতে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযোগ, নরকাসুর পাহাড়ের কাছে পৌঁছনোর পর পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রামানুজ। এরপর পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর রামানুজের পরিবারের পক্ষ থেকেও চাঞ্চল্যকর প্রতিক্রিয়া সামনে এসেছে। তাঁর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবার তাঁর মৃতদেহ গ্রহণ করবে না। পরিবারের এই সিদ্ধান্তকে ঘিরেও নানা প্রশ্ন তৈরি হয়েছে।
উল্লেখ্য, গুয়াহাটির বেলতলা এলাকায় নিজের ফ্ল্যাটে রিয়া নামে এক মহিলাকে হত্যার অভিযোগ উঠেছিল রামানুজের বিরুদ্ধে। হত্যার পর মৃতদেহের সঙ্গে নৃশংস আচরণের অভিযোগও সামনে এসেছিল। সেই ঘটনায় তদন্তের পর হাতিগাঁও থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এবার পুলিশের হেফাজত থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা এবং পরবর্তী মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। কীভাবে তিনি পুলিশের গাড়ি থেকে বেরিয়ে পালানোর সুযোগ পেলেন এবং পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু কী পরিস্থিতিতে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
#রামানুজগোস্বামী #গুয়াহাটি #অসম #পুলিশহেফাজত #স্ত্রীহত্যা #নরকাসুরপাহাড় #অপরাধ #ক্রাইমনিউজ #গুয়াহাটিনিউজ #অসমনিউজ #PoliceCustody #GuwahatiNews #AssamNews #CrimeNews #AamarKolkata #আমারকলকাতা
