
বাঁকুড়া, আমার কলকাতা: জঙ্গলমহল এলাকার রাইপুর ব্লকের একাধিক ICDS কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরিষেবার মান, পরিকাঠামো এবং শিশুদের পাঠদান ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।
পরিদর্শনে আধিকারিকদের সঙ্গে ছিলেন রাইপুরের বিডিও উদয়নারায়ণ দে, রাইপুর ব্লকের CDPO মিঠুন সরকার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এদিন বাঁধগোড়া ICDS কেন্দ্রে গিয়ে বিভিন্ন নথিপত্র ও খাতাপত্র পরীক্ষা করেন আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রে মজুত থাকা চাল, ডাল, তেল, নুন-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর পরিমাণ ও মানও খতিয়ে দেখা হয়।
এরপর কেন্দ্রের রান্নাঘর এবং শিশুদের পাঠদান কক্ষ ঘুরে দেখেন তাঁরা। শিশুদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও কেন্দ্রের সামগ্রিক পরিবেশ সম্পর্কেও খোঁজ নেন আধিকারিকরা। পরিদর্শনের সময় ICDS কেন্দ্রটি যথেষ্ট সাজানো-গোছানো অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। উপস্থিত শিশুরাও আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের যথাসম্ভব উত্তর দেয়।
এদিকে, কেন্দ্রে উপস্থিত শিশুদের কয়েকজন মায়ের বক্তব্য, তাঁরা নিয়মিতভাবে ICDS কেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছেন। শিশুদের পড়াশোনার মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে তাঁদের দাবি।
তবে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কিছুদিন আগে ওই কেন্দ্রে শিশুদের ছাতু খাওয়ানো হয়েছিল। তাঁদের দাবি, সেই ছাতুর মান ভালো ছিল না এবং স্বাদেও তেতো লাগছিল। বিষয়টি বুঝতে পেরে তাঁরা কেন্দ্রের শিক্ষিকাকে ওই ছাতু শিশুদের না খাওয়ানোর জন্য জানিয়েছিলেন বলে দাবি অভিভাবকদের।
মঙ্গলবারের এই পরিদর্শন নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
রিপোর্ট: অভিজিৎ সাঁতরা | আমার কলকাতা
