
নিজস্ব প্রতিবেদন, মালদা:
সাতসকালেই মালদার চাঁচলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অভিযান। চাঁচলের মুলাই বাড়ি এলাকায় শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান চালানো হচ্ছে। সূত্রের দাবি, শফিকুল আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই ED আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে।
অভিযানের সময় বাড়ির বিভিন্ন নথিপত্র এবং ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে ঠিক কী কারণে এবং কোন মামলার ভিত্তিতে এই তল্লাশি অভিযান, সে বিষয়ে ED-র তরফে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
অভিযান ঘিরে এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ED-র আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।