
শিলিগুড়ি, আমার কলকাতা প্রতিনিধি : BSNL-এর উঁচু টাওয়ারে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। নিচে নামানো কার্যত হয়ে উঠেছিল বড়সড় চ্যালেঞ্জ। জীবনের ঝুঁকি নিয়ে সেই কঠিন উদ্ধার অভিযানে সাহস, দক্ষতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন পাঁচজন। তাঁদের সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কার্যালয়ে সম্মানিত ও পুরস্কৃত করা হল তাঁদের।
ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর শিলিগুড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি BSNL-এর একটি টাওয়ারে উঠে পড়েছিলেন। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনতে শুরু হয় উদ্ধার অভিযান।
এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সিভিল ডিফেন্সের কৃষ্ণ বর্মন, সুজন সিংহো, অমিত ঘোষ ও অজয় বর্মন। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন নর্থ বেঙ্গল এক্সপ্লোরার ক্লাবের মাউন্টেন ক্লাইম্বার নিহাল সরকার। অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলে পাঁচজন মিলে ওই ব্যক্তিকে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনেন।
মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কার্যালয়ে পুলিশ কমিশনার শ্রী ওয়াকার রাজা পাঁচজনের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। তাঁদের সাহসিকতা, উপস্থিত বুদ্ধি এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেন পুলিশ কমিশনার।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, টাওয়ারে উঠে পড়া ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। বর্তমানে কোচবিহারের তুফানগঞ্জের একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতি স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জীবনের পরোয়া না করে একজন মানুষকে নিরাপদে উদ্ধারের এই ঘটনায় পাঁচজনের সাহসিকতা ও মানবিক উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
রিপোর্টার: উৎপল পদ্মার
শিলিগুড়ি, আমার কলকাতা
#শিলিগুড়ি #BSNL #উদ্ধারঅভিযান #শিলিগুড়িপুলিশ #সাহসিকতা #সিভিলডিফেন্স #উত্তরবঙ্গ #SiliguriNews #AmarKolkata #আমারকলকাতা
