📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

উত্তরবঙ্গে প্রথম ১০০ কেজি সোনার সাজে মা দুর্গা, ৬৪তম বর্ষে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজোয় বড় চমক

শিলিগুড়ি, আমার কলকাতা প্রতিনিধি:
উত্তরবঙ্গে প্রথমবার ১০০ কেজি সোনার বিশেষ সাজে সেজে উঠতে চলেছেন মা দুর্গা। তবে শুধু দুর্গা প্রতিমাই নয়, একই ১০০ কেজি সোনার সাজে সাজানো হবে দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকেও। ৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির দুর্গাপুজোয় এমনই নজরকাড়া আয়োজনের কথা জানানো হয়েছে।

সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এবারের পুজোর বিশেষ আকর্ষণগুলির কথা জানান সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা।

প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন চমক নিয়ে আসে সেন্ট্রাল কলোনি। এবার সেই আয়োজন আরও বড়। সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে মোট ১০০ কেজি সোনার বিশেষ অলংকার। সেই সাজেই সেজে উঠবেন দুর্গা-সহ পাঁচ দেবদেবী। পাশাপাশি বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে এবারের পুজোর মণ্ডপ। চন্দননগরের শিল্পীদের তৈরি বিশেষ আলোকসজ্জাও দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।

বদলেছে পুজোর স্থান

এবার পুজোর স্থানেও এসেছে পরিবর্তন। এতদিন যে মাঠে সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো হয়ে আসছিল, সেখানে রেলের তরফে ক্রিকেট মাঠ তৈরির কাজ চলছে। তাই আগের পুজোর স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানার এবং নিউ জলপাইগুড়ি রেলের অফিসের পার্শ্ববর্তী একটি মাঠে এবার পুজোর আয়োজন করা হয়েছে।

স্থান পরিবর্তন হলেও পুজোর আয়োজন ও আকর্ষণে কোনও খামতি রাখতে চাইছে না কমিটি।

নিরাপত্তায় বিশেষ নজর

১০০ কেজি সোনার সাজে সজ্জিত প্রতিমা দেখতে এবার বিপুল দর্শনার্থীর সমাগম হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। সেই কারণে নিরাপত্তার বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মণ্ডপের প্রায় ৮ ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা পুজো চত্বর থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। একাধিক নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। মণ্ডপের পিছনেও পৃথক ব্যারিকেড করা হবে। নির্দিষ্ট লাইন দিয়ে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হবে।

বিশিষ্টদের আমন্ত্রণ

এই বিশেষ পুজোকে ঘিরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়ক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। উদ্যোক্তাদের দাবি, ইতিমধ্যেই অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে।

তবে এবারের পুজোর উদ্বোধক কে হবেন, তা এখনই প্রকাশ্যে আনতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। পুজোর প্রায় এক সপ্তাহ আগে উদ্বোধকের নাম ঘোষণা করা হবে। তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায় পুজোর উদ্বোধন হওয়ার কথা।

১০০ কেজি সোনার নজিরবিহীন সাজকে ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পুজোর সময় শহরে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থীদের বড় অংশই এই পুজো দেখতে ভিড় করবেন বলে আশা উদ্যোক্তাদের।

সোনার সাজে দুর্গা ও তাঁর চার সন্তান, বালুরঘাটের মণ্ডপ, চন্দননগরের আলোকসজ্জা এবং কড়া নিরাপত্তা—সব মিলিয়ে ৬৪তম বর্ষে সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

রিপোর্টার: উৎপল পোদ্দার, শিলিগুড়ি

#আমারকলকাতা #শিলিগুড়ি #দুর্গাপুজো #দুর্গাপূজা২০২৬ #সেন্ট্রালকলোনি #১০০কেজিসোনা #সোনারসাজ #মাদুর্গা #উত্তরবঙ্গ #শিলিগুড়িরখবর #দুর্গাপুজোরখবর #CentralColony #Siliguri #DurgaPuja2026 #AamarKolkata

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top