📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি, এনজেপিতে আটক ৪

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, পাঞ্জাব যাওয়ার পথে এনজেপিতে আরপিএফ-জিআরপির যৌথ অভিযান

শিলিগুড়ি | আমার কলকাতা

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে চারজনকে আটক করল আরপিএফ। অবৈধভাবে ভারতে প্রবেশ করে ট্রেনে চেপে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা—এমনই অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছনোর পর আরপিএফ ও এনজেপি জিআরপির যৌথ অভিযানে সাধারণ কামরা থেকে তাঁদের আটক করা হয়।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায়, চারজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ট্রেনে করে পাঞ্জাবের দিকে যাওয়ার চেষ্টা করছেন। সেই খবরের ভিত্তিতে আরপিএফ পোস্টের ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাকের নেতৃত্বে একটি দল অভিযান চালানোর প্রস্তুতি নেয়। অভিযানে এনজেপি জিআরপির আধিকারিকরাও যোগ দেন।

শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর সাধারণ কামরায় তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় সন্দেহের ভিত্তিতে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় এবং ভারতে প্রবেশ সংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি আরপিএফের।

এরপর তাঁদের আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে এনজেপি জিআরপির হাতে তুলে দেওয়া হয়। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে জিআরপি।

আরপিএফ সূত্রে আটক ব্যক্তিদের নাম মোহাম্মদ সালাম (২৬), মোহাম্মদ সুফায়েদ (১৮), মোফিজুর রহমান (১৭) এবং জয়নুব বিবি (১৭) বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, তাঁদের দেওয়া ঠিকানা মায়ানমারের। তাঁদের কাছে থাকা নথিপত্র ও পরিচয় সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের প্রাথমিক দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করছিলেন। পরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অসম থেকে ট্রেনে চেপে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

তবে কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন, সীমান্ত পারাপারে তাঁদের কেউ সাহায্য করেছিল কি না এবং পাঞ্জাব যাওয়ার উদ্দেশ্য কী ছিল—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে কোনও পাচারচক্র বা সংগঠিত চক্রের যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

পুরো ঘটনার তদন্ত করছে এনজেপি জিআরপি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয়, যাত্রাপথ এবং ভারতে প্রবেশের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top