📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ট্রেনের এসি কামরা থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

আমার কলকাতা,শিলিগুড়ি: ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম উজ্জল পাসোয়ান ও উজ্জ্বল চন্দ। দু’জনেই অসমের গৌহাটির বাসিন্দা।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে অভিযান চালায় জিআরপির যৌথ দল। গৌহাটি থেকে আসা ডাউন রাজধানী এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেনের এসি কামরায় তল্লাশি শুরু করেন তদন্তকারীরা।

তল্লাশির সময় দুটি বড় ট্রলি ব্যাগের হদিস মেলে। ব্যাগ দু’টি খুলে তল্লাশি করতেই উদ্ধার হয় মোট ৩০টি প্যাকেট। সেগুলিতে থাকা গাঁজা ওজন করে দেখা যায়, মোট পরিমাণ ৩১ কেজি ৫০০ গ্রাম।

এর পরই দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এনজেপি থেকে অন্য একটি ট্রেনে চেপে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। উদ্ধার হওয়া গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ধৃত দু’জনকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

Siliguri

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top