📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

রাতের অন্ধকারে পুকুরে পরপর ১০ ডাম্পার মাটি! মালিকের অজান্তেই মাটি ফেলার অভিযোগ, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, আমার কলকাতা: রাতের অন্ধকারে পুকুরে পরপর প্রায় ১০ ডাম্পার মাটি ফেলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। জমি ও পুকুরের মালিকপক্ষের দাবি, তাঁদের কোনওরকম অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে কে বা কারা ওই মাটি ফেলে গিয়েছে। বিষয়টি জানার পর তাঁরা নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন।

মালিকপক্ষের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একের পর এক ডাম্পারে করে মাটি এনে তাঁদের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ ডাম্পার মাটি ফেলা হয়েছে বলে দাবি তাঁদের।

ঘটনার পর মাটি কে বা কারা ফেলেছে, তা জানতে স্থানীয়ভাবে খোঁজখবর শুরু করেন জমির মালিকপক্ষ। তবে এখনও পর্যন্ত মাটি ফেলার সঙ্গে জড়িত কোনও ব্যক্তির সন্ধান পাননি বলে তাঁদের দাবি।

মালিকপক্ষের বক্তব্য, যদি কোনও ব্যক্তি তাঁদের অনুমতি নিয়ে বা অন্য কোনও কারণে ওই মাটি ফেলে থাকেন, তাহলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হোক। অন্যথায় তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানানো হলেও কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানাতে যান পুকুর ও জমির মালিকপক্ষ। অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

এদিকে, মালিকপক্ষের তরফে আরও একটি অনুমানের কথা সামনে এসেছে। তাঁদের আশঙ্কা, জমি ভরাট বা ভবিষ্যতে জমি হাতানোর উদ্দেশ্যে কোনও দালালচক্র এই কাজ করে থাকতে পারে। তবে এই আশঙ্কার পক্ষে এখনও কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।

কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে এত পরিমাণ মাটি ফেলে গেল, কেনই বা মাটি ফেলা হল—এই সমস্ত প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের উপরই নির্ভর করছে। তদন্ত শেষ হলে গোটা ঘটনার প্রকৃত কারণ এবং মাটি ফেলার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top