
নয়াদিল্লি: দেশজুড়ে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের প্রেক্ষাপটে নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা—প্রশ্নপত্র ফাঁস চক্র, পরীক্ষা মাফিয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনও গোষ্ঠীকেই আর ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন, ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা চালু এবং বিভিন্ন রাজ্যের মতামতকে গুরুত্ব দিয়ে সংস্কারের কাজ এগিয়ে চলেছে। তাঁর মতে, বহু দশক ধরে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এখন সময়ের দাবি। উন্নত প্রযুক্তি ও কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং স্বচ্ছ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা দুর্নীতি রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা থেকেই সংসদে একটি বিল আনা হয়েছিল। গত দুই দিনে সংসদের উভয় কক্ষে বিস্তারিত আলোচনার পর বিলটি পাস হয়েছে। তাঁর দাবি, এই আইন কার্যকর হলে ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা কামনা করেন।