
শিলিগুড়ি, আমার কলকাতা:
সরকারি জমি লিজ করিয়ে দেওয়ার নাম করে জেলাশাসক ও ভূমি রাজস্ব আধিকারিকের স্বাক্ষর জাল এবং ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন নকশালবাড়ি হাসপাতালের এক গ্রুপ-সি কর্মী। এই ঘটনায় তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম গৌতম দত্ত ও সুভম ঘোষ। সুভম পেশায় চা বিক্রেতা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগডোগরার এক ব্যবসায়ীকে সরকারি জমি লিজ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত গৌতম দত্ত। অভিযোগ, সেই কাজের জন্য জেলাশাসক ও ভূমি রাজস্ব আধিকারিকের স্বাক্ষর জাল করে তৈরি করা নথি ওই ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়। নথি দেওয়ার বিনিময়ে তাঁর কাছ থেকে মোট ১৭ লক্ষ টাকা নেওয়া হয় বলেও অভিযোগ।
কিন্তু নথি হাতে পাওয়ার পর জেলাশাসকের দফতরে গিয়ে সেগুলি যাচাই করতে গিয়েই সন্দেহ হয় ওই ব্যবসায়ীর। এরপরই গোটা বিষয়টি সামনে আসে। প্রতারণার অভিযোগে তিনি নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নকশালবাড়ি থানার পুলিশ। এরপর ভোররাতে অভিযান চালিয়ে নকশালবাড়ি হাসপাতালের গ্রুপ-সি কর্মী গৌতম দত্ত এবং তাঁর সহযোগী সুভম ঘোষকে গ্রেফতার করা হয়।
পুলিশের তদন্তে এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি জমির লিজের নামে এর আগেও কোনও জাল নথি সরবরাহ করা হয়েছে কি না, কিংবা আরও কত টাকা আর্থিক লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রিপোর্ট: উপল পোদ্দার I আমার কলকাতা
