📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

মুখ্যমন্ত্রীর সফরের আগে মূর্তিতে চূড়ান্ত প্রস্তুতি, হেলিপ্যাডে হেলিকপ্টার ট্রায়াল

আজ মঙ্গলবার নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব মূর্তি ও সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা। নিরাপত্তা থেকে শুরু করে মঞ্চ প্রস্তুতি সবকিছুই সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সকালে বাতাবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক করেন উত্তরবঙ্গের আইজি সুকেশ কুমার জৈন।

বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, সকাল থেকেই দফায় দফায় নবনির্মিত মূর্তি সেতু পরিদর্শনে আসেন সরকারি আধিকারিকরা। সেতুর সামনেই চলছে মঞ্চ তৈরির কাজ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে এদিন মূর্তিতে পৌঁছন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। তিনি অনুষ্ঠানস্থলের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

শুধু সেতু নয়, মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য প্রস্তুত রাখা হয়েছে চালসার টিয়াবন হেলিপ্যাডও। সেখানে হেলিকপ্টার ট্রায়াল করা হয়। আকাশে হেলিকপ্টার চক্কর দিতেই তা দেখতে টিয়াবন এলাকায় ভিড় জমে যায় বহু মানুষের। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রাজনৈতিক তৎপরতার ছবিও দেখা যায় মূর্তিমুখী রাজ্য সড়কে।

রাস্তার দুই ধারে বিজেপির দলীয় পতাকা লাগাতে দেখা যায় বিজেপি কর্মীদের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী টিয়াবনের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে মূর্তিতে এসে নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধন করার কথা রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সফরের আগের কিছু মুহূর্ত থেকেই নিরাপত্তা ও প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততায় সরগরম গোটা মূর্তি-টিয়াবন এলাকা।

রিপোর্ট উৎপল: পোদ্দার শিলিগুড়ি l আমার কলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top