📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

৫ মাস ধরে ভাতা বকেয়ার অভিযোগ, শিলিগুড়ি পৌর কর্পোরেশনে মিড-ডে মিল সহায়িকাদের বিক্ষোভ

শিলিগুড়ি: প্রায় পাঁচ মাস ধরে নিয়মিত সাম্মানিক ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাসিক সাম্মানিক ভাতার সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে না। বর্তমানে প্রাপ্য ভাতার মাত্র এক-চতুর্থাংশ টাকা দেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।

কর্মীদের বক্তব্য, অল্প পরিমাণ এই টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, নিজেদের ন্যূনতম খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ভাতা বকেয়া থাকায় আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এর পাশাপাশি, সরকার পরিবর্তনের পর তাঁদের দিয়ে অতিরিক্ত কিছু কাজ করানো হয়েছে বলেও অভিযোগ করেছেন কর্মীরা। সেই কাজের পারিশ্রমিক বা ভাতার টাকাও এখনও তাঁরা পাননি বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতিতে দ্রুত সমস্ত বকেয়া সাম্মানিক ভাতা পরিশোধের দাবিতে বুধবার সকালে শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিক্ষোভ দেখান মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা।

বিক্ষোভের পাশাপাশি কর্পোরেশনের আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন তাঁরা। সরকারি নির্দেশ অনুযায়ী তাঁদের প্রাপ্য নতুন ভাতার টাকা যাতে নিয়মিত এবং সময়মতো দেওয়া হয়, সেই বিষয়েও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন কর্মীরা।

মিড-ডে মিল সহায়িকাদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে তাঁদের সাম্মানিক ভাতা নিয়মিত দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।

তবে কর্মীদের এই অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top