
নয়াদিল্লি: দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের এই সম্মেলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি ভিডিওও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্রিকসের মাধ্যমে ভারত বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-সহ একাধিক রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন।
এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র-সহ অন্যান্য নেতারা সম্মেলনে যোগ দেন।
ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে গত তিন দিনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে তিনি মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য, ব্রিকসের মতো বহুপাক্ষিক মঞ্চের মাধ্যমে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পথে এগিয়ে চলেছে।
#BRICS #BRICSSummit #PMModi #NarendraModi #Delhi #India #AamarKolkata
