
বীরপাড়া, আলিপুরদুয়ার: হাতির আতঙ্কে কাঁপছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার চা বলয়। সোমবার সকাল সওয়া ৭টা নাগাদ বীরপাড়া থানার অন্তর্গত দলমোড় চা বাগানের বাঁশবাড়ি লাইনে হাতির আক্রমণে মৃত্যু হল সত্তরোর্ধ্ব কালু থাপার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির আবর্জনা চা বাগান এলাকায় ফেলতে গিয়েছিলেন কালু থাপা। বয়সজনিত কারণে তাঁর দৃষ্টিশক্তি কম ছিল এবং তিনি কানে কম শুনতেন। সেই সময় এলাকায় ঘোরাঘুরি করছিল একটি হাতি। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের দাবি, পাশেই থাকা দলমোড় ফরেস্ট থেকে হাতি বেরিয়ে প্রায় প্রতিদিনই লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে বাঁশবাড়ি লাইনে হাতির হামলায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও তাঁদের দাবি।
বারবার হাতির হানায় প্রাণহানির ঘটনায় চা বাগান এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। হাতির গতিবিধি নজরদারি, আগাম সতর্কবার্তা এবং লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অন্যদিকে, বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, এলাকায় টহলদারি চলছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছেl