
নাগোয়া, জাপান | আমার কলকাতা
জাপানের আইচি-নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০তম এশিয়ান গেমস। শনিবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে জাপানের রাজপরিবারের সদস্য, এশিয়ান গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অ্যাথলিটস প্যারেডে ভারতীয় দলের নেতৃত্ব দেন দুইবারের অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের এবং কাবাডি তারকা পবন সেহরাওয়াত। শেষ মুহূর্তে শটপুটার তাজিন্দরপাল সিং তূরের পরিবর্তে পবন সেহরাওয়াতকে ধ্বজবাহক করা হয়।
এবারের এশিয়ান গেমসে ভারতের ৫০১ সদস্যের দল অংশ নিচ্ছে। ৩৭টি খেলায় ভারতের প্রতিযোগীরা লড়াই করবেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অবশ্য উদ্বোধনের আগেই শুরু হয়ে গিয়েছিল।
মহিলাদের ক্রিকেটে জাপানকে আট উইকেটে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে জাপানের নিশিন শহরে।
এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে টেকবল। এই ইভেন্টের মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে ভারতের কুইমসি ডি’সুজা ইন্দোনেশিয়ার ইমা সুমায়ার কাছে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছেন। ব্রোঞ্জের লড়াইয়ে তিনি জাপানের ইউইনা সাকামোটোর মুখোমুখি হবেন।
এদিকে, এশিয়ান গেমস শুরুর আগে ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, দেশের প্রতিটি অ্যাথলিট কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে এই মঞ্চে পৌঁছেছেন। ভারতীয় দলকে নিয়ে দেশ গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।
আইচি-নাগোয়া এশিয়ান গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত। জাপানে তৃতীয়বারের মতো এই মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছে।
সূত্র: আকাশবাণী নিউজ