
সৌরভ দত্ত, কলকাতা:বৃহস্পতিবার মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপন হয় মহাসমারোহে। সকালে আহিরীটোলায় মহানায়কের জন্মস্থান (মামাবাড়ি) কাছে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এরপর টালিগঞ্জে অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে করলেন মাল্যদান। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিন নায়ক প্রসেনজিৎ, জিৎ ও দেব। যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিকের মত ব্যক্তিত্বও। উত্তমকুমারের জন্ম শতবর্ষে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। উত্তমকুমারকে সাংস্কৃতিক আইকন বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। ‘সিনেমাকে তাঁর স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে, শিল্পীদের পরবর্তী প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন’, সোশ্যাল মিডিয়ায় মহানায়ককে নিয়ে পোস্ট শুভেন্দু অধিকারী। বাংলা ছবিতে মহানায়ক উত্তম কুমারের অবদানের কথা উল্লেখ করে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয় দিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আজ মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী। তিনি ছিলেন এক অনন্যসাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর অতুলনীয় অভিনয়দক্ষতা, কালজয়ী আকর্ষণ ও অনায়াস পর্দায় উপস্থিতি চলচ্চিত্র মাধ্যমকে এক নতুন মাত্রা দিয়েছিল। উত্তম কুমার এমন এক মানদণ্ড স্থাপন করেছিলেন যা আজ পর্যন্ত প্রতিটি প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে। অজস্র অবিস্মরণীয় চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অত্যন্ত সূক্ষ্ম ও সাবলীলভাবে জীবনের মূল নির্যাস ফুটিয়ে তুলেছিলেন। রূপােলি পর্দায় নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ী স্থান করে নিয়েছেন উত্তম কুমার। এই চিরসবুজ ‘ম্যাটিনি আইডল’-এর কালজয়ী স্মৃতি ও অবদান পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাংস্কৃতিক আঙিনাকে চিরকাল আলোকিত করে রাখবে। এই ঐতিহাসিক জন্মশতবর্ষে মহানায়কের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা ও প্রণাম।’ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সম্মান জানাল ভারতীয় ডাক বিভাগ ।

কলকাতা জিপিও-র বিশেষ কক্ষে উত্তম কুমারের স্মরণে প্রকাশ করা হল একটি স্পেশাল কভার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকে । অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের আধিকারিক ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা ও বাঙালির গর্ব । তাঁর কথায়, “তিনি বাংলা ও বাঙালির গর্ব ছিলেন, আছেন এবং থাকবেন ।” তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য এই বিশেষ কভারকে একটি স্মারক হিসেবে উল্লেখ করেন তিনি । উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত এই স্পেশাল কভারটি ভবিষ্যতে বিভিন্ন প্রদর্শনীতেও স্থান পাবে বলে তাঁরা আশাবাদী । সাধারণত এই ধরনের স্পেশাল কভারের মূল্য ২০ টাকা । উত্তম কুমারকে নিয়ে প্রকাশিত বিশেষ ডাকটিকিট এই কভারে ব্যবহার করা হলে তার ফিলাটেলিক গুরুত্ব আরও বাড়বে বলেও জানান তিনি । কলকাতা জিপিও থেকে কভারটি সংগ্রহ করা যাবে । বিজলী সিনেমা হলের সামনে মহানায়ক উত্তম কুমারের ২০ফুটের একটি কাট আউটের উদ্বোধন করা হয়। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী স্মরণে নন্দন প্রাঙ্গণে উত্তম কুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই বর্ণাঢ্য পদযাত্রার সূচনা করা হয়। পদযাত্রায় অংশ নেন টলিউডের গুণী কলাকুশলী, সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা। মহানায়কের কালজয়ী সিনেমার নানা পোস্টার, ব্যানার ও স্মৃতিচিহ্ন নিয়ে পদযাত্রাটি এগিয়ে চলে। নন্দন চত্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, বিড়লা প্ল্যানেটোরিয়াম, নেহরু চিলড্রেন মিউজ়িয়াম হয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় গিয়ে শেষ হয় পদযাত্রা। চলচ্চিত্র জগৎ ও সংস্কৃতির নানা ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছয়। পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, পরিবারের সদস্য সহ টালিগঞ্জের কলাকুশলীর এবং আমজনতা । পদযাত্রার নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এরপর একতারা মঞ্চে কেক কাটা হয় এবং পায়েসও। মহানায়কের শতবর্ষে একঝাঁক পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী। অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যারা পশ্চিমবঙ্গে এসে শুটিং করবে তাদের ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে। তৎক্ষণাৎ এই আবেদন মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী। গগনেন্দ্র প্রদর্শনশালায় মহানায়কের বিভিন্ন ছবি নিয়ে প্রদর্শনী পাশাপাশি নন্দনে উত্তম কুমার অভিনীত ছবি প্রদর্শিত হবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
#উত্তমকুমার #মহানায়কউত্তমকুমার #উত্তমকুমারেরজন্মশতবর্ষ #UttamKumar #UttamKumarCentenary #বাংলাচলচ্চিত্র #টলিউড #কলকাতা #টালিগঞ্জ #বাংলাসিনেমা #নন্দন #KolkataNews #AamarKolkata