📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ইংলিশের পর পাক, এবার ক্যাটলিনা জয়—আফরিনের সাফল্যের হ্যাটট্রিক


আমার কলকাতা: ক্রীড়াক্ষেত্রে ফের বাংলার মুকুটে নতুন পালক। ইংলিশ চ্যানেল ও পাক প্রণালী জয়ের পর এবার আমেরিকার ক্যাটলিনা চ্যানেল জয় করলেন পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। একের পর এক আন্তর্জাতিক জলপথ পেরিয়ে নতুন নজির গড়লেন মেদিনীপুরের এই কৃতী সাঁতারু।

মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন। বাবা পিয়ার আলি, মা সাবিনা পারভীন, দাদা আদিল মহম্মদ এবং বৌদি রিজুয়ানা ইয়াসমিনের সঙ্গে থাকেন তিনি। মেদিনীপুর সুইমিং ক্লাব থেকেই আফরিনের সাঁতারের প্রশিক্ষণ শুরু।

ক্যাটলিনা চ্যানেলে দীর্ঘ লড়াই

ভারতীয় সময় অনুযায়ী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টা ৫৮ মিনিট নাগাদ সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন আফরিন। এরপর গভীর রাত থেকে ভোর এবং পরের দিন সকাল পর্যন্ত সাঁতার কাটেন তিনি।

প্রায় ৩২.৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে হয়েছে আফরিনকে। পথে ছিল প্রবল ঢেউ এবং প্রতিকূল সমুদ্রস্রোত। ছিল রাতের অন্ধকারও।

এর পাশাপাশি সমুদ্রে জেলিফিশের উপস্থিতি সমস্যায় ফেলে তাঁকে। তবে কোনও বাধাই থামাতে পারেনি আফরিনকে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত ক্যাটলিনা চ্যানেলের গন্তব্যে পৌঁছে যান তিনি।

ভারতীয় সময় অনুযায়ী ২৪ সেপ্টেম্বর ভোর ২টা ৫৮ মিনিট ৫১ সেকেন্ডে তাঁর সাঁতার শেষ হয়। দীর্ঘ এই পথ পাড়ি দিতে আফরিনের সময় লাগে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড।

সমুদ্রে ছিল একাধিক চ্যালেঞ্জ

আফরিনের বাবা পিয়ার আলি বর্তমানে তাঁর সঙ্গে আমেরিকায় রয়েছেন। তিনি জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের যাত্রাপথ মোটেই সহজ ছিল না।

পিয়ার আলির দাবি, সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন এবং তিমিরও দেখা মিলেছিল। যদিও সেগুলি আফরিনের নজরে পড়েনি। তবে জেলিফিশের কারণে সমস্যায় পড়তে হয় তাঁকে।

ইংলিশ চ্যানেলের পর পাক প্রণালী

আন্তর্জাতিক সাঁতারে এর আগেও সাফল্য পেয়েছেন আফরিন। ২০২৫ সালের ২৯ জুলাই ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দাদা আদিল মহম্মদ এবং বৌদি রিজুয়ানা ইয়াসমিন।

এরপর ২০২৬ সালের মে মাসে পাক প্রণালী পেরিয়ে নজির গড়েন আফরিন। ৭ ঘণ্টা ৫ মিনিটে সেই পথ অতিক্রম করেন তিনি। সেই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন বাবা পিয়ার আলি এবং মা সাবিনা পারভীন।

এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল ক্যাটলিনা চ্যানেল জয়। আন্তর্জাতিক সাঁতারে আফরিনের এই সাফল্যে খুশি তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা।

মেদিনীপুরের এই কৃতী সাঁতারুর সাফল্যে গর্বিত গোটা জেলা। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আফরিন জাবির ক্যাটলিনা চ্যানেল জয়ের খবর।

পরিবারের পক্ষ থেকে জেলার ডিএম, এসপি, সমস্ত শুভানুধ্যায়ী এবং স্পনসরদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

রিপোর্ট: দীপঙ্কর দোলই, পশ্চিম মেদিনীপুর
আমার কলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top