📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

শিলিগুড়িতে ছিনতাই: দুই যুবক গ্রেফতার, উদ্ধার আইফোন ও সোনা

শিলিগুড়ি: ভোরবেলায় টোটোয় যাতায়াতকারী যাত্রীদের লক্ষ্য করে একাধিক ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম রাজা দাস (২১) ও আবজিৎ যাদব (২৪)। দু’জনেই পাতি কলোনির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি হিলকার্ট রোড-সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় টোটোয় থাকা যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের একাধিক অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে উঠে আসে, এনজেপি থেকে জংশনের দিকে টোটোয় করে যাচ্ছিলেন এক দম্পতি। ভোরের দিকে সেবক মোড়ের কাছে তাঁদের টোটোর পাশে একটি স্কুটি নিয়ে আসে দুই যুবক। অভিযোগ, এরপর মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগে একটি আইফোন, দু’টি সোনার আংটি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। এছাড়াও ৪ সেপ্টেম্বর হিলকার্ট রোডে টোটো থেকে ছিনতাইয়ের অভিযোগের তদন্তেও ধৃতদের নাম উঠে আসে বলে পুলিশের দাবি।

তদন্তের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর রাজা দাস ও আবজিৎ যাদবকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয়। আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

জিজ্ঞাসাবাদের পর রাজা দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি আইফোনের পাশাপাশি সোনার গয়না গলিয়ে তৈরি করা সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গলানো সোনার সঙ্গে ছিনতাই হওয়া সোনার আংটির সম্পর্ক রয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিয়ে তদন্ত এখনও চলছে।

পাঁচ দিনের পুলিশি রিমান্ড শেষ হওয়ার পর বৃহস্পতিবার ধৃত দু’জনকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। শিলিগুড়িতে ঘটে যাওয়া আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত স্কুটিটিরও খোঁজ শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্ত এগোলে এই ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top