📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

LIC বিনিয়োগে অনিয়মের অভিযোগ, রিলায়েন্স ক্যাপিটাল ও প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে FIR CBI-এর

নয়াদিল্লি, : লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)-এর বিনিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড, সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং আরও কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

CBI সূত্রে জানা গিয়েছে, LIC-এর অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে রিলায়েন্স ক্যাপিটাল ইস্যু করা পাঁচটি নন-কনভার্টিবল ডিবেঞ্চারে (NCD) মোট প্রায় ৩,৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল LIC।

এই অর্থ সাধারণ কর্পোরেট প্রয়োজন, সংস্থার আর্থিক চাহিদা এবং পুরনো ঋণ পুনর্গঠনের কাজে ব্যবহারের কথা ছিল।

তবে LIC-এর অভিযোগ, বিনিয়োগের অর্থের ব্যবহারকে কেন্দ্র করে অভিযুক্তদের মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র হয় এবং প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অর্থের কথিত অপব্যবহার বা অন্যত্র সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এর ফলে LIC-এর প্রায় ২,৬৮৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাভোগীদের বেআইনি আর্থিক লাভের অভিযোগও রয়েছে।

CBI জানিয়েছে, তদন্তের মাধ্যমে এই ঘটনায় কারা কীভাবে জড়িত ছিলেন তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কথিত ষড়যন্ত্রের প্রকৃতি এবং বিনিয়োগের অর্থ কোথায় ও কীভাবে সরানো হয়েছিল, তাও তদন্ত করে দেখা হবে।

এর আগে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, EPFO এবং LIC-এর অভিযোগের ভিত্তিতে রিলায়েন্স কমিউনিকেশনস, রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স হোম ফাইন্যান্স এবং রিলায়েন্স টেলিকম-সহ একাধিক সংস্থার বিরুদ্ধে মোট আটটি FIR দায়ের করেছিল CBI। তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট মামলাগুলিতে এখনও পর্যন্ত ছয়টি চার্জশিট দাখিল এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তদন্তের ওপর সুপ্রিম কোর্টের নজরদারি রয়েছে বলেও জানিয়েছে CBI।

Source: News On AIR

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top