📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

পুজোর আগে যাত্রীদের বড় উপহার, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

শিলিগুড়ি,আমার কলকাতা : পুজোর আগে যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য পৃথক ডরমিটরি পরিষেবা চালু করা হল। দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ১৪টি বেডের জেন্টস ডরমিটরি এবং ৬টি বেডের লেডিস ডরমিটরি রয়েছে। পাশাপাশি পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪টি বেডের পৃথক স্টাফ ডরমিটরিও চালু করা হয়েছে। অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা থাকছে।

মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বাস টার্মিনাসে পৌঁছেই এই পরিষেবা বুক করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

ডরমিটরির পাশাপাশি যাত্রীদের জন্য নতুন একটি ওয়েটিং লাউঞ্জও উদ্বোধন করা হয়েছে। ২৯টি থ্রি-সিটার সোফা নিয়ে তৈরি এই লাউঞ্জে রয়েছে টেলিভিশন এবং মোবাইল চার্জিংয়ের সুবিধা। পাশাপাশি চালু করা হয়েছে ভিআইপি লাউঞ্জ, যেখানে প্রতি ঘণ্টায় ২০ টাকা খরচে বসার সুযোগ পাবেন যাত্রীরা।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই লাউঞ্জগুলির কয়েকটিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে।

উদ্বোধনের পর পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, শিলিগুড়ির এই বাস টার্মিনাস বহু পুরনো। দীর্ঘদিন ধরে যাত্রীদের পক্ষ থেকে একাধিক দাবি জানানো হচ্ছিল। সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও পুজোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, সাধারণ যাত্রীদের জন্য ১৪টি পুরুষ ও ৬টি মহিলা বেডের ডরমিটরি চালু হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য এই পরিষেবা ব্যবহার করা যাবে।

এদিকে পুজো উপলক্ষে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পুজো পরিক্রমা আয়োজন করা হয়েছে। এই পরিষেবায় এসি এবং নন-এসি—দুই ধরনের বাস থাকবে। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর পাশাপাশি যাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখা হবে।

পুজোর আগে ডরমিটরি, ওয়েটিং লাউঞ্জ এবং পুজো পরিক্রমার মতো একাধিক পরিষেবা চালু হওয়ায় শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।

#শিলিগুড়ি #Siliguri #শিলিগুড়িজংশন #NBSTC #ডরমিটরি #যাত্রীপরিষেবা #পুজোরখবর #আমারকলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top