📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

হাইকোর্টের নির্দেশে দেশবন্ধু পাড়ায় ১৯৬৪ সালের বাড়ির একাংশ ভাঙল পুরনিগম

আমার কলকাতা , শিলিগুড়ি: দীর্ঘদিনের শরিকি বিবাদ এবং জমি সংক্রান্ত আইনি জটিলতার জেরে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম। শনিবার পুরনিগমের কর্মীরা ৩০ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অংশটি ভেঙে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি ১৯৬৪ সালে তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে জমির ভাগ-বাটোয়ারা এবং অংশীদারিত্বকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়। সেই বিবাদ গড়ায় আদালতে। মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাড়ির নির্দিষ্ট অংশ খালি করার জন্য মালিককে সময়সীমা দিয়ে নোটিশ দেওয়া হয়।

অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ওই অংশ সরানো না হওয়ায় শনিবার পুরনিগমের তরফে ভাঙার কাজ শুরু করা হয়। পুরনিগমের কর্মীরা এসে আদালতের নির্দেশে নির্দিষ্ট করা অংশটি ভেঙে দেন।

বাড়ির মালিকের দাবি, বহু বছর আগে জমি ভাগ করার সময় জমির পরিমাণ নির্ধারণে ভুল হয়েছিল। সেই বিষয় থেকেই পরবর্তীতে বিবাদের সূত্রপাত। আদালতের নির্দেশ মেনে নেওয়ার কথা জানালেও আরও কিছুটা সময় পেলে নিজের মতো করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হত বলে দাবি তাঁর।

শনিবার ভাঙার কাজ চলাকালীন বাড়ির মালিককে যথেষ্ট হতাশ অবস্থায় দেখা যায়। তবে আদালতের মামলার বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

পুরনিগমের তরফে জানা গিয়েছে, আদালতের নির্দেশ এবং সংশ্লিষ্ট নোটিশের নির্ধারিত সময়সীমা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। পুরনো বাড়ির একাংশ ভাঙাকে কেন্দ্র করে এদিন দেশবন্ধু পাড়ায় আলোচনার সৃষ্টি হয়।

SILIGURI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top