📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

গরু চোর সন্দেহে গণপিটুনি, দুই জনের মৃত্যু! দুটি গাড়িতে আগুন, শিলিগুড়িতে চাঞ্চল্য

উৎপল পোদ্দার, শিলিগুড়ি: গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে ভয়াবহ গণপিটুনির ঘটনায় উত্তপ্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ও বাগডোগরা এলাকা। অভিযোগ, সন্দেহভাজন কয়েকজনকে ঘিরে ধরে মারধর করে উত্তেজিত জনতা। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ভাঙচুর চালানোর পর দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত শনিবার ভোরে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকার বালাসন নদীর কাছে। স্থানীয়দের দাবি, ভোররাতে কয়েকজনকে গাড়ি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এলাকায় সাম্প্রতিক সময়ে গবাদি পশু চুরির অভিযোগ থাকায় সন্দেহ তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এরপরই গাড়িটিকে ঘিরে ফেলেন স্থানীয়রা।

অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিদের ধরে মারধর শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আরও এক ব্যক্তিকে ধরে মারধর করা হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় নিয়েও পুলিশ তদন্ত করছে।

ঘটনার খবর পেয়ে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়িগুলিতে থাকা ব্যক্তিরা সত্যিই গবাদি পশু চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তাঁদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

ঘটনার তদন্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

SILIGURI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top