
ধূপগুড়ি, আমার কলকাতা: ট্রেন ছুটছে পাশের রেললাইন দিয়ে। আর তার ঠিক পাশের লাইনে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। ধূপগুড়ির বিডিও অফিসপাড়া সংলগ্ন এনএন ৩৬ রেলগেটে এমনই একটি ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন আসার আগে নিয়ম অনুযায়ী রেলগেট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। সেই সময় অ্যালার্ম বাজানোর পর গেট বন্ধ করা হচ্ছিল। অভিযোগ, গেট বন্ধ হওয়ার মুহূর্তে এক যুবক বাইক নিয়ে রেললাইনের ভিতরে ঢুকে পড়েন।
এরপর ওই যুবককে রেললাইনের উপর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময় পাশের রেললাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়। ট্রেনটি কাছ দিয়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখে রেলগেটের দু’পাশে অপেক্ষা করা মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
সামান্য অসতর্কতা বা ভুল মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। রেলগেট বন্ধ হওয়ার পরও কীভাবে ওই যুবক বাইক নিয়ে রেললাইনের মধ্যে ঢুকে পড়লেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
রেলগেটের দায়িত্বপ্রাপ্ত কর্মী জিতেন্দ্র কুমার জানান, ট্রেন আসার অ্যালার্ম বাজিয়ে গেট বন্ধ করা হচ্ছিল। সেই সময়ই ওই যুবক রেললাইনে ঢুকে পড়েন। পরিস্থিতি জরুরি হয়ে উঠলেও অন্য দিক থেকে কোনও ট্রেন না আসায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
রেললাইনের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় এভাবে বাইক নিয়ে প্রবেশ করা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য রেলগেট এলাকায় নজরদারি আরও বাড়ানোর দাবি উঠেছে।
Dhupguri