📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

শিলিগুড়ি জংশনে ৭টি সোনার বারসহ যুবক গ্রেফতার, উদ্ধার সোনার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা

শিলিগুড়ি, আমার কলকাতা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সাতটি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রেম কুমার। তাঁর বয়স ৪৩ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর শিলিগুড়ি জংশন এলাকায় নজরদারি শুরু করা হয়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় প্রেম কুমারকে। এরপর পুলিশ তাঁকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে মোট সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বার ২৪ ক্যারেটের। উদ্ধার হওয়া সোনার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

ঘটনার পর ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রধাননগর থানার আইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধৃত প্রেম কুমারকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানানো হয়েছে।

সোনা পাচারের এই ঘটনায় আরও কারা জড়িত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top