📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

জঙ্গলমহলে বড় ধাক্কা মাওবাদীদের, অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ ৩ শীর্ষ নেতা-নেত্রীর

বাঁকুড়া: জঙ্গলমহলে মাওবাদী দমনে বড়সড় সাফল্যের দাবি জেলা পুলিশের। বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমাঞ্চলের এডিজি আনন্দ কুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন একসময়ের সক্রিয় তিন মাওবাদী নেতা-নেত্রী।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন, জবা মাহাতো ওরফে বুলু/গোরি এবং নয়নতারা সাহু ওরফে মিতা/ঝুমা।

জমা পড়ল AK-47 ও ইনসাস রাইফেল

পুলিশের কাছে আত্মসমর্পণের সময় তিনজনের তরফে জমা দেওয়া হয়েছে একটি AK-47, দুটি ইনসাস রাইফেল, ১০টি ম্যাগাজিন এবং ১৫৪ রাউন্ড গুলি।

পুলিশের দাবি, জমা দেওয়া অস্ত্রের বেশ কিছু অংশ অতীতে পুলিশের কাছ থেকে লুট করা হয়েছিল।

একাধিক গুরুতর মামলা রয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী তিনজনের বিরুদ্ধে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন এলাকায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

খুন, ইউএপিএ এবং বিস্ফোরক আইনের মতো ধারায় তাঁদের বিরুদ্ধে ৭৫টিরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

কেন অস্ত্র ছাড়ার সিদ্ধান্ত?

আত্মসমর্পণের পর রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন সংবাদমাধ্যমের সামনে জানান, একসময় এলাকার অনুন্নয়ন ও বঞ্চনাকে কেন্দ্র করে তাঁরা সশস্ত্র আন্দোলনের পথে পা বাড়িয়েছিলেন।

তবে তাঁর বক্তব্য অনুযায়ী, সময়ের সঙ্গে জঙ্গলমহলের পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। উন্নয়নের কারণে এলাকার চিত্র বদলেছে বলেও দাবি করেন তিনি।

এই পরিস্থিতিতে পুরনো সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

পুলিশের ধারাবাহিক অভিযানের প্রভাব

জেলা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ও নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিও মাওবাদীদের অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিন শীর্ষ নেতা-নেত্রীর আত্মসমর্পণকে জঙ্গলমহলে মাওবাদী দমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে বাঁকুড়া জেলা পুলিশ।

রিপোর্ট: অভিজিৎ সাঁতরা, বাঁকুড়া | আমার কলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top