📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ভুতনির বন্যা পরিস্থিতি দেখতে মালদায় শংকর ঘোষ, ত্রাণ-উদ্ধারকাজ খতিয়ে দেখবে প্রতিনিধি দল

মালদা, আমার কলকাতা প্রতিনিধি:
মালদার মানিকচকের ভুতনি দিয়াড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকালে মালদা সার্কিট হাউস থেকে ভুতনির উদ্দেশে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ এক প্রতিনিধি দল। বানভাসি এলাকার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তাঁরা।

সাম্প্রতিক বন্যায় ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর জেরে লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও জল কিছুটা কমতে শুরু করলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। জলমগ্ন এলাকার বাসিন্দাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে কি না, উদ্ধারকাজে কোনও ঘাটতি রয়েছে কি না এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই মন্ত্রীদের এই সফর বলে জানা গিয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় বানভাসি মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় বিষয়গুলি প্রশাসনের নজরে আনারও উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে খাদ্য, পানীয় জল, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পরিষেবা নিয়ে দুর্গতদের কী ধরনের সমস্যা হচ্ছে, তা জানার চেষ্টা করবেন তাঁরা।

ভুতনির বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি পরিদর্শনের জন্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আকাশপথে এলাকা পরিদর্শন করানো হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিলে অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও জানানো হয়েছে।

এদিনের প্রতিনিধি দলের সফরের মাধ্যমে ভুতনির বন্যা পরিস্থিতি, ত্রাণ বণ্টন এবং উদ্ধারকাজের বাস্তব চিত্র আরও স্পষ্ট হবে বলে প্রশাসনিক মহলের আশা। দুর্গত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরানোর ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেও নজর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top